পার্বতীপুরে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি, উত্তরবঙ্গে ধর্মঘটের হুঁশিয়ারি

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে সাজা দেওয়ার ঘটনায় দিনাজপুরের পার্বতীপুরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ট্যাংকলরি শ্রমিকরা। রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মবিরতি ডাকা হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত শ্রমিকদের এক দিনের মধ্যে মুক্তি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বদলি করা নাহলে রংপুরসহ পুরো উত্তরবঙ্গে ধর্মঘট শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ কর্মসূচি শুরু করেন চালক ও শ্রমিকরা। তাদের কর্মবিরতির কারণে পার্বতীপুর ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ হয়ে পড়ায় দিনাজপুরসহ আশপাশের জেলাগুলোতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরি নীলফামারীর উদ্দেশে রওনা দেয়। পথে লরিটির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক শ্রী কৃষ্ণ ও তার সহকারী রিফাত কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন। এ সময় নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়া ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় সড়কে লরিটি দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তল্লাশি করে লরির কেবিন থেকে দু’টি ক্যানে ১০ লিটার পেট্রোল ও ২ লিটার ডিজেল জব্দ করা হয়। ওই তেল অবৈধভাবে পাচারের অভিযোগে পাম্পের ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং সহকারী রিফাতকে ৬ মাসের কারাদণ্ড এবং তিনজনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সহসম্পাদক ও রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, শ্রমিকদের মুক্তি না দিলে এবং এনডিসি নিয়াজ ভূঁইয়ার বদলি না হলে আমাদের কর্মসূচি চলমান থাকবে।
ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল মিয়া (লাল্লু) বলেন, আমাদের শ্রমিককে ৬ মাসের জেল দেওয়ার কারণে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে পার্বতীপুরে ধর্মঘট চলমান রয়েছে। আজকের (রোববার) মধ্যে দাবি না মেনে নিলে আগামীকাল (সোমবার) আমরা রংপুরসহ পুরো উত্তরবঙ্গে ধর্মঘটে শুরু করব।