Advertisement
এসএসসির ফলাফল

বরিশালে পাসের হার ৬০.৩৫ শতাংশ, জিপিএ-৫ কমেছে

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
বরিশালে পাসের হার ৬০.৩৫ শতাংশ, জিপিএ-৫ কমেছে
বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম। ছবি: এশিয়া পোস্ট

এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। এ বছর বোর্ডটিতে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী। বিগত বছরের তুলনায় এবার পাসের হার বাড়লেও জিপিএ-৫ পাওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

Advertisement

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফলের আনুষ্ঠানিক পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম।

বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট অংশ নিয়েছিল ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী। যার মধ্যে ছাত্র ৩৭ হাজার ৫৪৫ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ৪২ হাজার ৯১৩ জন।

প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছে মোট ৪৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১৯ হাজার ৯৫৫ জন এবং ছাত্রী ২৮ হাজার ৬০০ জন। অর্থাৎ সার্বিক ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরাই দাপট বজায় রেখে এগিয়ে রয়েছে। এছাড়া বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ছয়টি জেলার মধ্যে পাসের হারে শীর্ষস্থান অধিকার করেছে পিরোজপুর জেলা।

তথ্য বিশ্লেষণে জানা যায়, গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বৃদ্ধি পেয়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ। তবে পাসের হার ইতিবাচক হলেও বিগত বছরের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে পিছিয়ে পড়েছে শিক্ষার্থীরা।

ফলাফলের সার্বিক চিত্রে দেখা যায়, বরাবরের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার এবং সর্বোচ্চ জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই ছাত্রদের ছাড়িয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ছাত্রীরা।