সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জের দিরাইয়ে একটি ছেলে ও মেয়ের প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটির জেরে আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে এই সংঘর্ষ বাধে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের এক যুবকের সঙ্গে একই ইউনিয়নের হলিমপুর গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে ওই তরুণী প্রেমিকের সঙ্গে চলে যান এবং কাজীর মাধ্যমে ধর্মীয় বিধান অনুযায়ী তারা বিয়ে করেন। মেয়ের পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে ছেলের পক্ষের দাবি, জোর করে বা ফুঁসলিয়ে নয়, বরং স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে চলে গেছেন ওই তরুণী।
গতকাল রাতেই ছেলের পক্ষের লোকজন মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের বিষয়টি জানাতে এবং তা মেনে নেওয়ার অনুরোধ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে মেয়ের পরিবার ছেলের স্বজনদের ওপর হামলা চালায়।
এরই জেরে আজ বুধবার দুপুরে উভয় গ্রামের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
