logo
Advertisement

বান্দরবানে কেএনএফ সদস্য গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
বান্দরবানে কেএনএফ সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার রোনরেম সাং পাংখোয়া। ছবি: এশিয়া পোস্ট

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকা ওই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বান্দরবান সদর উপজেলার রাজার মাঠ এলাকায় অভিযান চালিয়ে রোনরেম সাং পাংখোয়াকে (৪১) গ্রেপ্তার করা হয়। তিনি রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের সিপ্পি পাড়ার বাসিন্দা লাল কিপ ময়ের ছেলে। অভিযানে বান্দরবান সদর থানা পুলিশের পাশাপাশি রুমা থানা পুলিশও সহায়তা করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রোনরেম সাং পাংখোয়ার বিরুদ্ধে রুমা থানায় দায়েরকৃত একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলাটিতে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এবং দণ্ডবিধির হত্যা, সরকারি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন গুরুতর ধারায় অভিযোগ রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুমা থানার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুর ৩টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কেএনএফের সাংগঠনিক কার্যক্রম, সহযোগী সদস্যদের অবস্থান ও নাশকতার পরিকল্পনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।