আনাছের পর নিভে গেল বোন মরিয়মের প্রাণ

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর এবার না ফেরার দেশে চলে গেল বড় বোন মরিয়মও (৩)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ নভেম্বর) রাত ১টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গত রোববার (২২ নভেম্বর) একই অগ্নিকাণ্ডে প্রাণ হারায় দেড় বছর বয়সি শিশু আনাছ।
একই ঘটনায় মাত্র তিন দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত দুই শিশু হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামের আতিক মেম্বারের বাড়ির নাজির আহমেদের সন্তান।
স্থানীয় আতিক মেম্বার মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভয়াবহ আগুনে পরিবারের বসতঘর পুড়ে যাওয়ার পাশাপাশি তাদের দুটি সন্তানকেও হারাতে হয়েছে। বর্তমানে পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছেন। প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর মরিয়মের মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হবেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে দুই সন্তানকে ঘুম পাড়িয়ে সংসারের কাজে ঘরের বাইরে যান তাদের মা। এ সময় শিশুদের বাবা অটোরিকশা চালাতে বাড়ির বাইরে ছিলেন। এর মধ্যেই হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা দুটি বসতঘরে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় দেড় বছর বয়সি শিশু আনাছ। আর তার বড় বোন মরিয়মের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় মরিয়মকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল শিশুটি। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বুধবার রাত ১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
এদিকে মর্মান্তিক অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাওসার হোসেন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান ঘটনার পর জানিয়েছিলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
মাত্র কয়েক মিনিটের আগুনে একটি পরিবারের সব স্বপ্ন যেন পুড়ে ছাই হয়ে গেল। একই অগ্নিকাণ্ডে দুই নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত এলাকাবাসী। সন্তান হারানোর এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

