logo
Advertisement

চাঁপাইনবাবগঞ্জে এক দিনে ২০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে এক দিনে ২০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
চাঁপাইনবাবগঞ্জে ভারী বর্ষণের ফলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ নির্মাণাধীন মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ছবি : এশিয়া পোস্ট

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে জেলাজুড়ে টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী, এটি চলতি বর্ষা মৌসুমে জেলায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে গত বুধবার জেলায় ১৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার পাঁচ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শিবগঞ্জে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৬০, গোমস্তাপুর ও নাচোলে ২৫ মিলিমিটার করে মোট ৫০ এবং ভোলাহাট উপজেলায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় গড়ে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৪০.২ মিলিমিটার।

টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চলের ফসলি জমি ও খামারে পানি প্রবেশের ঝুঁকি তৈরি হওয়ায় মাঠপর্যায়ে সতর্কতা জারি করা হয়েছে। কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তারা কৃষকদের রোপা আমন ধানের জমির অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করা এবং নতুন সেচ বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি শীতকালীন আগাম শাকসবজির চারা রক্ষায় পর্যাপ্ত নালা তৈরি ও বীজতলার সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে। খামারিদের জন্য গোয়ালঘর ও হাঁস-মুরগির খামারে পানি জমতে না দেওয়া, পশুপাখিকে শুকনো খাবার দেওয়া এবং সংক্রামক ব্যাধি রোধে জীবাণুনাশক স্প্রে ব্যবহারের নির্দেশনা দিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

নিচু এলাকার কিছু স্থানে সাময়িক পানি জমলেও এখন পর্যন্ত ফসলের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম। তিনি জানান, এই ভারী বর্ষণ রোপা আমন চাষের জন্য অত্যন্ত ইতিবাচক। এটি ধানের গাছের প্রাকৃতিক বৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি কৃষকদের বিপুল পরিমাণ সেচ খরচ সাশ্রয় করবে।