বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, ১৫ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বর্ষণের কারণে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি-হেউটনগর সড়কের একটি কালভার্ট ধসে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও উপজেলার নিমগাছি ও কালেরপাড়া ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সোমবার (২২ জুন) সকালে উপজেলার নিমগাছি-হেউটনগর সড়কের ওই কালভার্টটি ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে আশপাশের মাঠে পানি জমে ছিল। সোমবার সকালে সেই পানি নিষ্কাশনের সময় প্রবল স্রোত ও পানির চাপে কালভার্টের একপাশের মাটি সরে যায়। একপর্যায়ে কালভার্টটি দুই পাশের পাকা সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে ধসে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ২০০১ সালে গ্রামীণ যোগাযোগ ও পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নের জন্য ১৫ মিটার দৈর্ঘ্যের ওই কালভার্ট নির্মাণ করা হয়। তবে নির্মাণকাজে ত্রুটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় শুরু থেকেই কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও প্রয়োজনীয় সংস্কার বা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সামান্য বৃষ্টি ও পানির চাপেই সেটি ধসে পড়েছে। তারা দ্রুত নতুন কালভার্ট বা টেকসই সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর আপাতত যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে নতুন একটি কালভার্ট নির্মাণের প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় সেখানে একটি টেকসই সেতু নির্মাণ করা হবে।







