গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যদি গণভোট অবৈধ হয়, তাহলে বিএনপি সরকারও অবৈধ। এক মায়ের পেটে জন্ম নেওয়া দুই ভাইয়ের একজন যদি অবৈধ হয়, তাহলে আরেকজন কীভাবে বৈধ হয়? একইভাবে গণভোটকে অবৈধ বললে সেই প্রক্রিয়ায় গঠিত সরকারও বৈধ হতে পারে না।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে শুরু হওয়া জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে পথসভা শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ফৌজদারি গিয়ে শেষ হয়।
সারজিস আলম বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন–গণভোট অবৈধ। তাকে বলতে চাই, এক মায়ের পেটে জন্ম নেওয়া দুই ভাইয়ের একজন যদি অবৈধ হয়, তাহলে আরেকজন কীভাবে বৈধ হয়? যদি গণভোট অবৈধ হয়, তাহলে বিএনপি সরকারও অবৈধ, তারেক রহমানের সরকারও অবৈধ। জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে। তাই অতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করতে বিএনপি সরকার বিভিন্ন ধরনের কার্ড দিয়েছে। কিন্তু সেই কার্ডগুলোর বাস্তব উপকারিতা কোথায়? তারেক রহমানের কাছে জানতে চাই, চাঁদাবাজদের জন্যও কি কোনো কার্ড দেওয়া হয়েছে? দেশে যেভাবে চাঁদাবাজি বেড়েছে, তাতে এমন প্রশ্নই মানুষের মনে আসছে।
এ সময় তিনি সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানান।
.png)






