logo
Advertisement

দুই শিশুর পেট থেকে বের হলো ৬৬১৫ পিস ইয়াবা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
দুই শিশুর পেট থেকে বের হলো ৬৬১৫ পিস ইয়াবা
গ্রেপ্তার হওয়া মূলহোতা শারমিন আকতার ও উদ্ধার হওয়া দুই শিশু। ছবি : এশিয়া পোস্ট

দুই শিশুর পেটে এক্স-রে করতেই মিলল ইয়াবার সন্ধান। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসকরা মলত্যাগের মাধ্যমে দুই শিশুর পেট থেকে বের করেন মোট ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা ট্যাবলেট। কক্সবাজারের উখিয়া থেকে পেটে করে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার পথেই ধরা পড়ে তারা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। এর আগে শনিবার রাতে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ সেতু এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে চট্টগ্রামের আনোয়ারা এলাকা থেকে উদ্ধার করে র‍্যাব। এ সময় মাদক পাচারকারী চক্রের সদস্য শারমিন আকতার ওরফে ইসমত আরাকে (৪০) গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে আনোয়ারা থানার সরকার হাটের তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় চকরিয়ার বাসিন্দা ইসমত আরাকে আটক এবং দুই শিশুকে উদ্ধার করে আভিযানিক দল। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইসমত আরা স্বীকার করেন যে শিশুদের পেটের ভেতর বিশেষ কৌশলে ইয়াবা বহন করা হচ্ছে।

এরপর ৬ সেপ্টেম্বর রাতে শিশুদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে এক্স-রে করা হলে তাদের পেটে পোটলা সদৃশ বস্তুর উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

পরবর্তীতে ৬ ও ৭ সেপ্টেম্বর হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে ৯ বছরের শিশুর পেট থেকে ৬৭টি এবং ১২ বছরের শিশুর পেট থেকে ৬৬টি স্কচটেপে মোড়ানো পোটলা বের করা হয়। এসব পোটলা থেকে মোট ৬,৬১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

গ্রেপ্তারকৃত ইসমত আরার বরাতে র‍্যাব আরও জানায়, কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা কিনে তা কৌশলে শিশুদের দিয়ে গিলিয়ে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছিল। এর আগেও অন্তত দুইবার একই কায়দায় এই শিশুদের ব্যবহার করে ইয়াবা পাচার করা হয়েছে বলে তিনি স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃত আসামি, দুই শিশু ও উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।