logo

১৮০০ টাকার সিলিন্ডার ২৫০০ বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

১৮০০ টাকার সিলিন্ডার ২৫০০ বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: এশিয়া পোস্ট

ঠাকুরগাঁওয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আবাসিক এলাকা থেকে গ্যাস সিলিন্ডারের গোডাউন সরিয়ে নেওয়ার নির্দেশও দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার (১০ অক্টোবর) দুপুরে জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো—মমতাজ স্টিল, সরকার মোটরস ও চিটাগং মেশিনারিজ। এর মধ্যে মমতাজ স্টিলকে ৫ হাজার, সরকার মোটরসকে ২ হাজার এবং চিটাগং মেশিনারিজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে প্রতিষ্ঠানগুলোতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

জানা গেছে, সরকার নির্ধারিত এক হাজার ৮৩৭ টাকা দামের ১২ কেজির সিলিন্ডার প্রতিষ্ঠানভেদে ২ হাজার, ২ হাজার ২০০ ও ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এতে প্রতিটি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ১৬৩ থেকে ৬৬৩ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছিল। প্রমাণ পাওয়ার পর তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করতে সতর্ক করা হয়।

ঠাকুরগাঁওয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি ইন্সপেক্টর আখতার ফারুক বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং আবাসিক এলাকা থেকে সিলিন্ডারের গোডাউন সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।