জরাজীর্ণতা কাটিয়ে নতুন রূপ পাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ৭ স্বাস্থ্যকেন্দ্র

দীর্ঘদিনের জরাজীর্ণ দশা কাটিয়ে অবশেষে নতুন রূপ পেতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার সাতটি স্বাস্থ্য স্থাপনা। এসব স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিক মেরামত এবং সংস্কারের জন্য ৭৭ লাখ ৫৪ হাজার টাকা বরাদ্দ অনুমোদন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ‘অন্যান্য ভবন ও স্থাপনা’ মেরামত ও সংস্কার খাত থেকে এই অর্থ বরাদ্দের মঞ্জুরি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মেরামত শাখার উপসচিব মো. আবুল বশার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশব্যাপী মোট ৮৭৫টি স্বাস্থ্য স্থাপনা মেরামত ও সংস্কারকাজের বিপরীতে ১১২ কোটি ২০ লাখ ৬৮ হাজার টাকা ব্যয় বিভাজন অনুমোদন করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাতটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তিনটি এবং শিবগঞ্জ উপজেলার চারটি স্বাস্থ্য স্থাপনার অবকাঠামোগত উন্নয়ন ও মেরামতে এই অর্থ ব্যয় করা হবে।
সদর উপজেলার কাজগুলোর মধ্যে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (এমসিডব্লিউসি) ক্লিনিক ভবনের স্যানিটারি ও ইলেকট্রিক্যাল কাজের জন্য পাঁচ লাখ ৪৯ হাজার টাকা, বারঘরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সিভিল, স্যানিটারি ও ইলেকট্রিক্যাল কাজের জন্য ১১ লাখ ৯৯ হাজার টাকা এবং চর অনুপনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সিভিল, স্যানিটারি ও ইলেকট্রিক্যাল কাজের জন্য ১৪ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে সদর উপজেলার এই তিনটি প্রতিষ্ঠানের সংস্কারে মোট ৩২ লাখ ৪৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
অন্যদিকে শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সিভিল, স্যানিটারি ও ইলেকট্রিক্যাল কাজের জন্য ৯ লাখ ৪৯ হাজার টাকা এবং একই কেন্দ্রের সীমানাপ্রাচীর মেরামত ও সংস্কারের জন্য আরও ৬ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া উপজেলার শ্যামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনের সিভিল, স্যানিটারি ও ইলেকট্রিক্যাল সংস্কারের জন্য ৯ লাখ ৯৯ হাজার টাকা এবং কেন্দ্রটির সীমানাপ্রাচীর মেরামত ও সংস্কারের জন্য ১৮ লাখ ৬০ হাজার টাকা অনুমোদন দেওয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলার এই ৪টি কাজের জন্য মোট ৪৫ লাখ ৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
কাজের স্বচ্ছতা ও গুণগত মান বজায় রাখতে মন্ত্রণালয়ের নির্দেশনায় বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেসিফিকেশন ও প্রাক্কলন অনুযায়ী মানসম্মত মালামাল ব্যবহার করে নির্দিষ্ট খাতের কাজ সম্পন্ন করতে হবে। এ ছাড়া কাজ শুরুর আগে এবং কাজ সমাপ্তির পরের ভিডিওচিত্র সংরক্ষণ করে তার কপি মন্ত্রণালয়ে জমা দিতে হবে। যে কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, তা ছাড়া অন্য কোনো খাতে এই অর্থ খরচ করা যাবে না। পাশাপাশি তত্ত্বাবধায়ক কমিটির কাছ থেকে কাজ সম্পাদনের সনদ সংগ্রহ করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠাতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য বলেন, গত বছর এসব প্রতিষ্ঠান মেরামতের জন্য মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছিল। চলতি অর্থবছরে এসব কাজ বাস্তবায়ন করা হবে। প্রতিষ্ঠানগুলোর সংস্কারকাজ সম্পন্ন হলে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও বাড়বে। এ ছাড়া জেলার আরও পাঁচটি প্রতিষ্ঠান সংস্কারের জন্য পাইপলাইনে রয়েছে বলেও জানান তিনি।
