সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় কৃষি ও ব্যবসা ঋণ বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও গ্রাহক হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র জমা দেওয়ার পরও মাসের পর মাস তারা ঋণের জন্য ঘুরছেন। অন্যদিকে প্রভাবশালী একটি চক্রের মাধ্যমে কিছু ব্যক্তি ঘুষের বিনিময়ে সহজেই বড় অঙ্কের ঋণ পেয়ে যাচ্ছেন।

Advertisement

ভুক্তভোগী কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, শাখার সেকেন্ড অফিসার লিপিয়া, কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, শেখর পাল, রফিকুল ইসলাম এবং ক্যাশিয়ার সাইফুল ইসলামের একটি সিন্ডিকেট ঋণ নবায়ন ও বিতরণের ক্ষেত্রে এই অনিয়ম চালাচ্ছে। তাদের দাবি, ঘুষ ছাড়া অনেক ক্ষেত্রে ঋণ অনুমোদন করা হয় না। এ ছাড়া ক্যাশিয়ার সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে চরম অসদাচরণ ও মারধরের অভিযোগও তুলেছেন কয়েকজন ভুক্তভোগী।

জয়নগর এলাকার কৃষক মুজিবার রহমান বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েও দীর্ঘদিন ধরে ঋণের জন্য ঘুরছি। এখনও তিনি ঋণ পায়নি।

কলারোয়া পৌরসভার ব্যবসায়ী গোলাম রসুলের অভিযোগ, প্রকৃত প্রয়োজন থাকা অনেক আবেদনকারীকে নানা অজুহাতে অপেক্ষা করানো হচ্ছে। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

লাঙ্গলঝাড়া এলাকার মাহবাবুর রহমান বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কৃষক সময়মতো ঋণ পাচ্ছেন না। এর প্রভাব কৃষি উৎপাদনের ওপরও পড়ছে। জালাবাদের হাবিবুর রহমানের ভাষ্য, নিয়ম মেনেই আবেদন করলেও ঋণ অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে বলে তার মনে হয়েছে।

হেলাতলার আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, কৃষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের কারণে অনেকেই হতাশ হয়ে পড়ছেন। কুশোডাঙ্গার বাবলু ইসলাম বলেন, অনেক প্রকৃত কৃষক ও ব্যবসায়ী ঋণ না পেলেও তুলনামূলক কম সম্পদ দেখিয়ে কিছু ব্যক্তি বড় অঙ্কের ঋণ পাচ্ছেন বলে এলাকায় আলোচনা রয়েছে। বিষয়টি তদন্ত হওয়া উচিত।

কলারোয়া বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার মুখ্য কর্মকর্তা মো. জালাল উদ্দীন বলেন, আমাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যারা ঋণের জন্য আবেদন করেছেন, তাদের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে নিয়ম ও নীতিমালা অনুযায়ী ঋণ দেওয়া হচ্ছে। ব্যক্তিগত সম্পর্ক বা অনৈতিক কোনো সুযোগের ভিত্তিতে কাউকে ঋণ দেওয়ার সুযোগ নেই।