আয়াতের এই হাসি থামিয়ে দিল বেপরোয়া অটোরিকশা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটোরিকশার ধাক্কায় আয়াত (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের গাজীর গাছখোলা গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত আয়াত সাদুল্ল্যাপুর ইউনিয়নের গাজীর গাছখোলা গ্রামের প্রবাসী ওয়াসিম নিলয়ের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়ির সামনে পরিবারের সঙ্গে পাকা রাস্তার পাশে অবস্থান করছিল ছোট্ট আয়াত। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই স্বজনরা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া গতিতে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, ঘটনাটি একটি দুর্ঘটনা। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে।
