Advertisement

রাজকীয় বিদায়ে অবসরে গেলেন টুঙ্গিপাড়া থানার এসআই ছবির

এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
রাজকীয় বিদায়ে অবসরে গেলেন টুঙ্গিপাড়া থানার এসআই ছবির
এসআই ছবির উদ্দিন শিকদারকে পুষ্পবর্ষণ করে থানা থেকে সংবর্ধনাস্থলে নিয়ে আসেন সহকর্মীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে ৩৭ বছরের কর্মজীবন শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে চড়ে অবসরে গিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছবির উদ্দিন শিকদার।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলীর (ওসি) নির্দেশনায় সোমবার (২৯ জুন) দুপুরে বিদায় সংবর্ধনার আয়োজন করে টুঙ্গিপাড়া থানা-পুলিশ।

এসআই ছবির উদ্দিন সিকদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর ইউনিয়নের বহলতলী গ্রামের মরহুম ছাদেক আলী সিকদারের ছেলে। ১৯৮৯ সালের ১২ এপ্রিল ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্সে যোগদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশে তার চাকরিজীবন শুরু হয়। দীর্ঘ ৩৭ বছরের চাকরি জীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে টুঙ্গিপাড়া থানা থেকে অবসরে গেলেন।

অবসরে যাওয়া এসআই ছবির উদ্দিনের ওপর পুষ্পবর্ষণ করে থানা থেকে সংবর্ধনাস্থলে নিয়ে আসেন সহকর্মীরা। এ সময় সহকর্মীদের ভালোবাসায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বিদায় জানান গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ ও টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী। পরে তাকে ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে চড়িয়ে টুঙ্গিপাড়া থেকে নিজ বাড়ি কোটালীপাড়ায় পৌঁছে দেওয়া হয়।

এসআই ছবির উদ্দিন শিকদারকে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে টুঙ্গিপাড়া থানা থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
এসআই ছবির উদ্দিন শিকদারকে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে টুঙ্গিপাড়া থানা থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বিদায়বেলায় আপ্লুত কণ্ঠে এসআই ছবির উদ্দিন শিকদার বলেন, বিদায়বেলায় যে সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছি, সেটা আমি কল্পনাও করতে পারিনি। কর্মজীবনে সবার মনের মধ্যে যে জায়গা করে নিতে পেরেছি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। ওসি স্যারের একান্ত প্রচেষ্টা ও ভালোবাসার কারণেই বিদায় বেলায় এতটা সম্মান পেয়েছি।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, এসআই ছবির উদ্দিন শিকদার আমাদের পরিবারের একজন সিনিয়র সদস্য ছিলেন। আজকে আমাদের থানা থেকে তিনি চলে যাচ্ছেন। আসলে বিদায়বেলায় ওইভাবে কিছু বলার থাকে না। দীর্ঘ ৩৭টি বছর পরিশ্রম করেছেন, বাকি জীবন পরিবার-পরিজন নিয়ে সুখ-শান্তিতে থাকুক সেই প্রত্যাশা করি।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ বলেন, এসআই ছবির উদ্দিন শিকদারের চাকরি জীবনের শেষ দিনে টুঙ্গিপাড়া থানার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। তার চাকরিজীবনে তিনি সততার সঙ্গে জনগণের জন্য কাজ করেছেন। তার প্রতি গোপালগঞ্জ জেলা পুলিশ কৃতজ্ঞ।