ফ্যামিলি কার্ড শুমারিতে ‘নিয়োগ না পেয়ে’ ছাত্রদল নেতার পদত্যাগ, পরদিনই প্রত্যাহার

জামালপুরের সরিষাবাড়ীতে পদত্যাগের ঘোষণার এক দিনের মাথায় সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তা দিয়ে তিনি পুনরায় সংগঠনের দায়িত্বে বহাল থাকার ঘোষণা দেন। ফ্যামিলি কার্ডের শুমারিতে তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ না পাওয়ার ক্ষোভে তিনি পদত্যাগ করেছিলেন বলে দাবি জেলা ছাত্রদলের।
তবে তার সঙ্গে একই দিনে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেওয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান রিংকুর বিষয়ে এখনও নতুন কোনো সিদ্ধান্তের তথ্য জানা যায়নি।
গতকাল বুধবার (১২ আগস্ট) এক ভিডিও বার্তায় ইবনে হাসান তার পদত্যাগপত্র প্রত্যাহারের কথা জানিয়ে বলেন, চাকরির সূত্রে ঢাকায় অবস্থান করায় নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়া সম্ভব হচ্ছিল না। এ কারণেই পদত্যাগ করেছিলাম। পরবর্তীতে বিষয়টি বিএনপি নেতা ফরিদুল কবির তালুকদার শামীমের নজরে এলে তিনি যোগাযোগ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। যার পরিপ্রেক্ষিতে আমি পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছি।
এর আগে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক ইবনে হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পদত্যাগপত্র প্রকাশ করলে তা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।
জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, তারা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে আবেদন করে চাকরি না পাওয়ার ক্ষোভ থেকেই ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছিলেন। তবে দলীয় নিয়মানুযায়ী কোনো লিখিত পদত্যাগপত্র জেলা কমিটির কাছে জমা পড়েনি।
চাকরি না পাওয়ার ক্ষোভের বিষয়ে ইবনে হাসান দাবি করেন, ‘আমি ঢাকা থেকে আবেদন করলেও পরীক্ষায় অংশ নিইনি। তাই পরীক্ষা না দিয়ে নিয়োগ না পাওয়ার ক্ষোভের যে খবর ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়।’
.png)


