কিশোরগঞ্জে হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি

এশিয়া পোস্ট নিউজ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি
ডাকাতির শিকার হওয়া নৌকা। ছবি: এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে একটি লাশবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীদের তিনটি মোবাইল ফোন, নৌকার সোলার প্যানেলের ব্যাটারি ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।

বুধবার (৮ জুলাই) সকালে স্থানীয় চামড়াঘাট নৌপুলিশের পরিদর্শক মো. ইস্কান্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় ডাকাতির খবর পেয়েছেন তারা।

নৌকায় থাকা এক শিশুর দাদা আবদুল হক জানান, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার ১৫ দিন বয়সি কন্যাশিশু জন্মের পর অসুস্থ হয়ে পড়লে তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে শিশুটি মারা যায়। পরে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ির উদ্দেশে রওনা দেন।

তিনি আরও জানান, করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে নৌকা ছাড়ার প্রায় ১৫ মিনিট পর একটি ছোট নৌকায় করে ৬ সদস্যের ডাকাতদল তাদের গতিরোধ করে। তারা অনুরোধ করে ডাকাতদের জানান, নৌকায় একটি শিশুর মরদেহ রয়েছে। ডাকাতরা তা উপেক্ষা করে যার কাছে যা ছিল তা ছিনিয়ে নেয়। মারধরের ভয়ে তারা তিনটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা কিছু নগদ টাকা ডাকাতদের দিয়ে দেন।

নৌকার মাঝি রতন মিয়া জানান, নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় পৌঁছালে ডাকাতরা নৌকায় ওঠে সোলার প্যানেলের ব্যাটারি এবং প্রায় চার হাজার টাকা লুট করে নিয়ে যায়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। নৌপুলিশের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।