কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল চলাকালে পুলিশ ধাওয়া দিয়ে অন্তত ৪৫ জনকে আটক করেছে।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলার মাটিয়ারা এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে এ ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। এতে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইস্রাফিল পিয়াস।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মিছিল শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পরে মিছিলকারীদের ধাওয়া দিয়ে অন্তত ৪৫ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে স্থানীয় যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মীকেও দেখা যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে। এসব যানবাহনে করে জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, মহাসড়কে মিছিল করে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ছাত্রলীগের ৪৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
ওসি জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং তাদের রাজনৈতিক সম্পৃক্ততাসহ বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
