নাইক্ষ্যংছড়ি থেকে শিশু অপহরণ, চট্টগ্রামে দুই অপহরণকারী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে চার মাস বয়সি এক শিশুকে অপহরণকারী দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২ সেপ্টেম্বর) অপহরণ মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, সোমবার (৩১ আগস্ট) রাত চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন কমিশনার গলির কাঁচাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ভোলা সদর উপজেলার ভদ্রপাড়া এলাকার মো. আলম ওরফে নুরুল আলম ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লতিফপুর এলাকার ত্রিশা ওরফে মারিয়া ওরফে সানজিনা আক্তার তিশা।
এজাহার সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট শিশুটিকে নিয়ে তার বাবা-মা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে যান। সেখানে আলম ও ত্রিশার সঙ্গে তাদের পরিচয় হয়। পরদিন ২২ আগস্ট বিকেল পাঁচটার দিকে ত্রিশা শিশুটিকে কোলে নিয়ে ফোন চার্জ দেওয়ার কথা বলে পাশের ঘরে যান। কিছুক্ষণ পর শিশুটিকে সেখানে পাওয়া যায়নি। একই সঙ্গে আলম ও ত্রিশাকেও খুঁজে পাওয়া যায়নি।
পরে ২৬ আগস্ট দুটি ফোন নম্বর থেকে শিশুটির মায়ের ফোনে কল দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
শিশুটির মা বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে ও ১-২ দুইজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন। মামলাটি ২৬ আগস্ট নাইক্ষ্যংছড়ি থানায় ২২ নম্বরে নথিভুক্ত হয়।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অপহরণ মামলার পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। র্যাব-৭ চট্টগ্রামের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করে দুই আসামিকে আটক ও অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা শিশু ও আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, শিশুটিকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আটক দুজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



