শিশুর আঙুল কাটার মামলায় সেই পুলিশ সদস্য স্ত্রীসহ কারাগারে

নাটোর সদর উপজেলায় এক শিশুর আঙুল কেটে দেওয়ার মামলায় পুলিশ সদস্য শাকিল হোসেন ও তার স্ত্রী নাছরিনকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠায় নাটোর সদর থানা-পুলিশ।
এর আগে, এদিন সকালে নাটোর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বড়হরিশপুর চেয়ারম্যান রোডের একটি বাড়ি থেকে এক ব্যাংক কর্মকর্তার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
শাকিল হোসেন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, বড়হরিশপুর চেয়ারম্যান রোড এলাকার ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসানের বাড়িতে স্ত্রী ও শিশু কন্যা নিয়ে ভাড়া থকেন পুলিশ কনস্টেবল শাকিল। গত বুধবার খেলার সময় বাড়ির মালিকের শিশু সন্তানের সঙ্গে শাকিলের চার/পাঁচ বছর বয়সি শিশু কন্যার মধ্যে ঝগড়া হয়। তাদের ঝগড়া মিটিয়ে দেয় পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার শাকিল বাড়ির মালিকের শিশুকে ডেকে নিয়ে যান তার ফ্ল্যাটে। শাকিল ও তার স্ত্রী নাছরিন বটি দিয়ে শিশুটির ডান হাতের একটি আঙুল কেটে দেন। শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাটোর জেনারেল হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, শিশুটির বাবা মামলা করেছেন। অভিযুক্ত পুলিশ সদস্য ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারো পাঠানো হয়েছে।
