বগুড়ায় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
উদ্ধার করা কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি। ছবি : এশিয়া পোস্ট

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ২টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রাম থেকে ২২ ইঞ্চি উচ্চতার এই কালো পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোপাড়া হিন্দুপাড়া গ্রামের গোকুল চন্দ্র মালির ছেলে দলু চন্দ্র মালি (৩৫) বাড়ির পাশের একটি স্থানে মূর্তিটি দেখতে পেয়ে শিবগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার বাড়ির সামনের পাকা সড়ক থেকে প্রাচীন এই মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত মূর্তিটি মূল্যবান কালো কষ্টিপাথরের তৈরি। তবে এর সঠিক ওজন এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাচীন বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে এটি নিরাপদ থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় :বগুড়া