ফরিদপুরে যোগদানের তিন দিনের মাথায় ডিবির ওসিকে বদলি

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
ফরিদপুরে যোগদানের তিন দিনের মাথায় ডিবির ওসিকে বদলি
বদলি হওয়া পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম। ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়নের মাত্র তিন দিনের মাথায় মোহাম্মদ রাকিবুল ইসলামকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

সোমবার (২৯ জুন) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। শুক্রবার (২৬ জুন) তাকে ফরিদপুরে পদায়ন করা হয়েছিল।

বুধবার এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম আগেও আলোচনায় ছিলেন। গত দুই বছরে তাকে পাঁচবার বদলি করা হয়েছে। ঢাকা রেঞ্জ থেকে বরিশাল রেঞ্জ, সেখান থেকে আবার ঢাকা রেঞ্জ, এরপর ট্যুরিস্ট পুলিশ, পুনরায় ঢাকা রেঞ্জ এবং সবশেষ খুলনা রেঞ্জে বদলি করা হলো।

খুলনায় বদলির প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুর জেলা পুলিশে কর্মরত পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ রাকিবুল ইসলামকে প্রশাসনি প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৮ জুলাইয়ের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ৯ জুলাই থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এ বিষয়ে রাকিবুল ইসলাম বলেন, ফরিদপুরে যোগদানের পর থেকে বদলির আগ পর্যন্ত মাত্র কয়েকটি কর্মদিবস দায়িত্ব পালন করেছি। এ সময়ে আমি কোনো অভিযান পরিচালনা করিনি। কোনো অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। প্রশাসনিক কারণ দেখিয়ে বদলি করায় আমি বিস্মিত।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম বলেন, বিষয়টি পুলিশ সদর দপ্তরের। বদলির কারণ সম্পর্কে তারাই ভালো বলতে পারবে।

বিষয় :ফরিদপুর