ফেনীতে বাস উল্টে যাত্রী নিহত, আহত একাধিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে ফেনী সদর থানাধীন লালপুল এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে দ্রুতগামী একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়কের ডান পাশের রোড ডিভাইডারের (আইল্যান্ড) ওপর উঠে উল্টে গেলে ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার ও সড়ক অপসারণে দুটি রেকার ব্যবহার করা হয়।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে ঢাকামুখী লেনে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



