logo

খুলনায় ককটেল নিক্ষেপের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

খুলনায় ককটেল নিক্ষেপের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল
ককটেল নিক্ষেপের প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিল। ছবি: এশিয়া পোস্ট

খুলনার শিববাড়ি মোড় এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা মহানগর ও জেলা শাখা।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

Advertisement

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শিববাড়ি মোড়সংলগ্ন এলাকায় পুলিশের উপস্থিতি থাকা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।

মিছিলে নেতৃত্ব দেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোল্লা রাহমাতুল্লাহ, কেন্দ্রীয় সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান এবং কেন্দ্রীয় সদস্য গাজী শরিফুল ইসলাম ওয়াহিদ।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি খুলনা মহানগরের আহ্বায়ক আহমেদ হামিম রাহাত, জেলা আহ্বায়ক হাফেজ মাহমুদ হাসান ফয়জুল্লাহ, মহানগরের সদস্য সচিব ড. আব্দুল্লাহ চৌধুরী ও জেলা সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জ্বলসহ মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আরেফিন চৌধুরী লিওন, জাহিদুর রহমান প্রিন্স, ফয়েজুল্লাহ ইকবাল শাকিল, নুরুল আলম, যুগ্ম আহ্বায়ক শরিফ বদিউজ্জামান সাদী, খালেকুজ্জামান ও রেজিনা আক্তার এবং যুগ্ম সদস্য সচিব ফরিদ পাঠান, মিজানুর রহমান নোভা ও ইমামুল হাসান সক্রেটিস মিছিলে অংশ নেন। যুবশক্তি ও ছাত্র শক্তির নেতাকর্মীসহ এনসিপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী এতে যোগ দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ককটেল নিক্ষেপের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে খুলনাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।