logo
Advertisement

কেরানীগঞ্জে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কেরানীগঞ্জ (ঢাকা)
কেরানীগঞ্জে বিআরটিএ অফিসে দুদকের অভিযান
দক্ষিণ কেরানীগঞ্জের বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলে ঝটিকা অভিযান চালিয়ে নথিপত্র ও অভিযোগ পর্যালোচনা করছে দুদক দল। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় অবস্থিত বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলে ঘুষ লেনদেন ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভূঁইয়ার নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, বিআরটিএর বিভিন্ন সেবা ঘিরে সেখানে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একাংশের সমন্বয়ে গঠিত ওই সিন্ডিকেট রুট পারমিট, গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস, মালিকানা পরিবর্তন ও ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সেবা নিয়ন্ত্রণ করছে।

সেবাপ্রত্যাশীদের কাছ থেকে অনৈতিকভাবে মাসে প্রায় ১ থেকে দেড় কোটি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এসব অনিয়মে বিআরটিএর একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকার প্রমাণ মিলেছে।

আরও অভিযোগ রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, মালিকানা পরিবর্তন ও গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেবার ধরনভেদে নির্ধারিত ফির বাইরে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হয়। মূলত দালালদের মাধ্যমেই এই অর্থ নেওয়া হচ্ছে।

এছাড়া বিআরটিএ অফিসের সামনের প্রায় ৪৫টি অবৈধ দোকান ও ট্রাকস্ট্যান্ড থেকেও মাসিক ভাড়া ও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এসব অর্থের একটি অংশ সিন্ডিকেটের সদস্যদের মধ্যে ভাগ-বাটোয়ারা করা হয় বলে দুদক জানায়।

দুদক সূত্র আরও জানায়, বিআরটিএর এক সাবেক কর্মচারীর বিরুদ্ধেও গুরুতর অভিযোগ পাওয়া গেছে। তিনি অফিসের একটি কক্ষ দখলে রেখে দালালচক্র পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। ওই সাবেক কর্মচারী সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও জানা গেছে।

অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের তথ্য সংগ্রহেই দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।