বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীর দাঁত ভেঙে দেওয়া অভিযুক্তকে গ্রেপ্তার করল এসআরবি

বরগুনার বেতাগী উপজেলায় বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনা সদরের পুরাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৮ পটুয়াখালী ক্যাম্পের একটি দল।
এসআরবি জানায়, গত ১৯ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাবতলী সরকারের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই ছাত্রীর ওপর চালান গ্রেপ্তার হওয়া ফয়সাল। এতে তার পাঁচটি দাঁত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ২১ সেপ্টেম্বর রাতে শিক্ষার্থীর মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন। পুলিশ মামলার প্রধান আসামি ফয়সালকে না পেয়ে তার মা মোসা. শিরিনকে গ্রেপ্তার করেছে।
এসআরবি-৮ জানায়, মামলার পর থেকে গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তির সহায়তায় প্রধান অভিযুক্তের অবস্থান শনাক্তে অভিযান চালানো হচ্ছিল। তদন্তের একপর্যায়ে প্রধান আসামির অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮ পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
