‘এমন সুষ্ঠু ভোট আগে দেখেনি’

গাড়িচালক মো. নজরুল ইসলাম খান টিপু এবার ভোট দিতে এসেছেন স্ত্রী গৃহিণী রুবি বেগমকে নিয়ে। বাসায় ৬ জন ভোটার থাকলেও সকাল সকাল ভোট দিতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং স্কুলকেন্দ্রে ভোট দিতে এসেছেন তারা ২ জন। বাকিরা দিনের অন্য সময় ভোট দিতে আসবেন। সকাল সাড়ে ৭টায় লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি তারা।
ভোটের অনুভূতি জানতে চাইলে মো. নজরুল ইসলাম খান টিপু বলেন, ‘আগেও এদেশে ভোট হয়েছে। তবে এবারের ভোট একেবারেই ভিন্ন। এমন সুষ্ঠু ভোট আগে দেখেনি। রাত পর্যন্তও শঙ্কায় ছিলাম ভোট কি আসলেই হবে কি না। তবে এখন শঙ্কামুক্ত। আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।’
টিপু আরও বলেন, ‘পরিবারের সবাইকে গিয়ে বলব দ্রুত ভোট দিয়ে আসতে। প্রশাসন কঠোর অবস্থানে আছে দেখে ভালো লেগেছে।’
এদিকে বরিশালে মোট ৮৩৩টি ভোটকেন্দ্রের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ২৫৫ ও গুরুত্বপূর্ণ ২৩৬টি আর সাধারণ ৩৪২টি। এসব ভোটকেন্দ্রের সেনাবাহিনীর প্রায় ১৫শ সদস্য, পুলিশের ২ হাজার ৬৬৭ সদস্য, ১৪ প্লাটুন বিজিবি, ৬০ জনসহ একটি জাহাজ নিয়ে থাকবে নৌবাহিনী ৫টি ইউনিটের ১৫০ জন কোস্টগার্ড। এ ছাড়া ১০ হাজার ৮২৯ জন আনসার সদস্য ভোটের মাঠে কাজ করবে। এসব বাহিনীর সদস্যরা এরই মধ্যে কেন্দ্রগুলো পরিদর্শনের পাশাপাশি নিরাপত্তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন।
বরিশালের ৬টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বরিশালের ৬টি আসনে মোট ভোটার ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ২৬ হাজার ৭৩৮ জন আর পুরুষ ভোটার ১১ লাখ ৫৮ হাজার ২২০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছে ২০ জন।