Advertisement

পটুয়াখালীতে দুই পোষা কুকুর পিটিয়ে হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ

এশিয়া পোস্ট নিউজ, পটুয়াখালী
পটুয়াখালীতে দুই পোষা কুকুর পিটিয়ে হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ
কুকুর ‍দুটিকে গাছে বেঁধে নির্যাতন করছেন এক ব্যক্তি। ছবি: ভিডিও থেকে নেওয়া

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ জুলাই) পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবু বকর সিদ্দিক অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

গত ২৩ জুলাই বেলা প্রায় ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাদুরা এলাকার খেজুরতলা স্ট্যান্ডে দুটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।

ঘটনা তদন্ত করে পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় দক্ষিণ বাদুরা গ্রামের মঞ্জু হাওলাদার ও জহির হাওলাদারকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ৭(২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রাণিকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী কোনো প্রাণীর প্রতি অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া, নির্যাতন বা নিষ্ঠুর আচরণ করা শাস্তিযোগ্য অপরাধ। এ আইনে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধ পুনরায় সংঘটিত হলে শাস্তি আরও বাড়তে পারে।

বাদী ডা. মো. আতিউর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে বিষয়টি তার নজরে আসে। পরে ঘটনাস্থল ও অভিযোগ যাচাই-বাছাই করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাদীপক্ষের আইনজীবী মো. ইমরান বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ আইনত দণ্ডনীয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।