Advertisement

ঢাকা-মাওয়া মহাসড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
ঢাকা-মাওয়া মহাসড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
এশিয়া পোস্ট গ্রাফিক্স

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কে ময়লাবাহী গাড়ি ও একটি মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত দুজন আহত হয়েছেন। সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকার যাত্রী ছাউনি সংলগ্ন ঢাকা অভিমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগর থেকে ঢাকাগামী একটি ময়লাবাহী গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনি পিকআপটি সড়কের পাশের ঢালে পড়ে যায় এবং সেটির একটি অংশ মহাসড়কের ওপর আটকে থাকে।

খবর পেয়ে সিরাজদিখান থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে। পরে অন্য একটি পিকআপে করে তাদের ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সিদ্দিক (৪৫) নামে একজন মারা যান।

আহত অপর দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ বলেন, ময়লাবাহী গাড়ি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।