logo

পাচারের শঙ্কায় ভারতীয় ট্রাকের তেল মেপে দেখছে বিজিবি

পাচারের শঙ্কায় ভারতীয় ট্রাকের তেল মেপে দেখছে বিজিবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে ভারতে তেল পাচার হওয়ার আশঙ্কায় কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এজন্য চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলোর তেলের ট্যাংক মেপে রেকর্ড রাখছে বিজিবি। 

শনিবার (৭ মর্চি) সকাল থেকে ৫৯ বিজিবির (মহানন্দা ব্যাটালিয়ন) সদস্যরা সোনামসজিদ বন্দরের জিরো পয়েন্ট ও চেকপোস্ট এলাকায় এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন।

বিজিবি সূত্র জানায়, প্রতিদিন এই বন্দর দিয়ে শত শত ভারতীয় ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসব ট্রাক যখন পণ্য খালাস করে খালি অবস্থায় ভারতে ফিরে যায়, তখন চালকরা স্থানীয় পাম্প থেকে কম দামে তেল কিনে ওপারে পাচার করতে পারেন—এমন একটি শঙ্কা রয়েছে। এই শঙ্কা থেকে বিজিবি এখন প্রতিটি ভারতীয় ট্রাক বাংলাদেশে ঢোকার সময় তাদের ফুয়েল ট্যাংকে থাকা তেলের উচ্চতা স্কেল দিয়ে মেপে নিচ্ছে।

একই সঙ্গে ট্রাকের নম্বরসহ তেলের পরিমাণ একটি নির্দিষ্ট খাতায় লিখে রাখা হচ্ছে। ট্রাকগুলো কাজ শেষ করে যখন ভারতে ফিরে যাচ্ছে, তখন সীমান্তে দ্বিতীয়বার তাদের তেলের ট্যাংক পরীক্ষা করা হচ্ছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতে তেল পাচারের শঙ্কায় সীমান্তে এই বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। তেলের ট্যাংকের পাশাপাশি প্রতিটি গাড়ি নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে। সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।