logo
Advertisement

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল বাস, আহত ১৫

এশিয়া পোস্ট নিউজ,ফরিদপুর
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল বাস, আহত ১৫
সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে উল্টে পড়েছে বাসটি। ছবি : এশিয়া পোস্ট

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল ‘জে আর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং সংঘর্ষের ধাক্কায় ট্রাকটিও মহাসড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে পুকুরে পড়া বাসের যাত্রীদের উদ্ধারে নামেন। উদ্ধার করা আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। সড়কের ওপর ট্রাক উল্টে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দের পাশাপাশি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কে অসতর্কভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।