লাইনচ্যুত বগি উদ্ধারে পৌঁছেছে রিলিফ ট্রেন

বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে এ ট্রেনটি এসে পৌঁছায়।
সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘রিলিফ ট্রেন এসেছে, উদ্ধারকাজ চলছে।’
রেলওয়ে সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। উদ্ধারকাজ শেষ হতে রাত সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম জানান, দ্রুত সময়ের মধ্যে রেললাইন সংস্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে বিকাল পৌনে ৩টার দিকে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে একটি ব্রিজের সামনে ঢাকা থেকে চিলহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হন। ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার।