Advertisement

সিলেটে বাস দুর্ঘটনায় ৯ মৃত্যু/দুর্ঘটনাস্থল পরিদর্শন করল তদন্ত কমিটি

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
দুর্ঘটনাস্থল পরিদর্শন করল তদন্ত কমিটি
দুর্ঘটনাকবলিত দুই বাস। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় দুর্ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন তথ্যপ্রমাণ ও আলামত সংগ্রহ করেন কমিটির সদস্যরা।

Advertisement

পরিদর্শন শেষে কমিটির প্রধান সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে।

এ সময় কমিটির সদস্য সচিব ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাসহ তদন্তদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মুনমুন নাহার আশা বলেন, তদন্ত কার্যক্রম দ্রুতগতিতে এগোচ্ছে। মঙ্গলবার দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে নানা দিক খতিয়ে দেখা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তরের করা হবে।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত পাঁচ সদস্যের এই তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৭ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন। এই দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন। পুলিশ জানায়, নিহত ৯ জনের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর পরই পালিয়ে যান দুই বাসের চালক। এ ঘটনায় গত ৯ আগস্ট ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে দুর্ঘটনার দায়ে বিআরটিএ কর্তৃক দুটি বাসেরই রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।