মায়ের পর এবার নদীতে মিলল এক বছরের আবিরের লাশ

মাদারীপুরের শিবচরে মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় নিখোঁজ থাকা এক বছর বয়সি শিশু আবিরের মরদেহ আড়িয়াল খাঁ নদ থেকে উদ্ধার করেছে পুলিশ।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পাঁচ দিন পর সোমবার (২৪ আগস্ট) সকালে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিবচর উপজেলার নিলখী এলাকার মন্নান হাজীর মোড় সংলগ্ন মাদ্রাসা ঘাটে আড়িয়াল খাঁ নদে শিশু আবিরের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শিবচর থানা ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এর আগে গত ১৯ আগস্ট সকালে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার একটি ক্ষেতের ঝোপের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওই নারীর নাম শাম্পা খাতুন (২৮)। তিনি নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ি গ্রামের ছামরুল ইসলামের মেয়ে। প্রায় তিন বছর আগে মাদারীপুরের বড় মেহের এলাকার মো. শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে শাম্পার বিয়ে হয়। তাদের এক বছরের সন্তানই হলো নিখোঁজ থাকা শিশু আবির।
হত্যাকাণ্ডের ঘটনায় ২০ আগস্ট নিহত শাম্পার বাবা ছামরুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও র্যাব-৮-এর একটি যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফারুক মোল্লা নামের কথিত এক সাংবাদিককে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফারুক স্বীকার করেন, তিনি শাম্পা খাতুনকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করেন। পরে ঘটনা ধামাচাপা দিতে এক বছরের শিশু আবিরকেও হত্যা করে আড়িয়াল খাঁ নদে ফেলে দেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কঠোর আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



