চাঁদপুরে হঠাৎ আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর-গোয়াল

চাঁদপুরের মতলব উত্তরে বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি থেকে লাগা আগুনে কৃষক আব্দুল লতিফ প্রধানের বসতবাড়ি ও গোয়ালঘর পুড়ে গেছে। এ সময় ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামালও পুড়ে যায়। পরিবারের দাবি, এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ষাটনল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাড়িভাঙ্গা প্রধান বাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল লতিফ প্রধান (৭৭) ওই গ্রামের মৃত আশরাফ আলী প্রধানের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ লতিফ প্রধানের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বসতঘর ও গোয়ালঘরের বড় অংশ পুড়ে যায়।
আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সঙ্গে অংশ নেওয়া প্রভাষক রোকনুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। স্থানীয়রা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা বলেন, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। ঘরটি টিনশেড হওয়ায় আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রও পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক লতিফ প্রধান বলেন, ‘হঠাৎ ঘরে আগুন দেখে আমরা ভয় পেয়ে যাই। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। ঘরের অনেক মূল্যবান জিনিসপত্র বের করে আনতে পারিনি। আমার সবকিছু পুড়ে গেছে। এখন দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে কোথায় থাকব, কীভাবে আবার ঘর তুলব সেটাই বুঝতে পারছি না।’
পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।


