logo

শতাধিক নেতাকর্মী নিয়ে ইফতার করা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শতাধিক নেতাকর্মী নিয়ে ইফতার করা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৬ মার্চ) সকালে আদালতে পাঠানো হয়েছে। গত শনিবার শতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনার অভিযোগও রয়েছে আশিক রহমান নামে ওই নেতার বিরুদ্ধে।

গ্রেপ্তার আশিক রহমান উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়ীয়া গ্রামের আজিজুল হক মঞ্জুর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য। রোববার (১৫ মার্চ) রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পিস্তল, ককটেল, পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটান। পরে হামলাকারীরা একটি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালান এবং আসবাবপত্রে আগুন দেন।

এ ঘটনায় ওই বছরের ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে একটি নাশকতার মামলা করা হয়।

পুলিশ জানায়, গত শনিবার বিকেলে আদমদীঘির রক্তদহ বিল এলাকার কদমা গ্রামে একটি মাছের খামারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই ইফতার পার্টি পরিচালনার অভিযোগও রয়েছে গ্রেপ্তার আশিক রহমানের বিরুদ্ধে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা আশিক রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।