Advertisement

পাবনায় চলন্ত ট্রেনের বগিতে আগুন

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
পাবনায় চলন্ত ট্রেনের বগিতে আগুন
মানচিত্রে পাবনা। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

পাবনার ঈশ্বরদীর মাঝগ্রাম স্টেশন এলাকায় চলন্ত ‘ফাইভ ডাউন’ মেইল ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বগিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেন থামিয়ে যাত্রী ও ট্রেনের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

গত মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ঈশ্বরদীগামী ট্রেনটি মাঝগ্রাম স্টেশনের কাছাকাছি পৌঁছালে বগিটির বৈদ্যুতিক অংশ থেকে আগুনের সূত্রপাত হয়।

ট্রেনের যাত্রী আব্দুল হামিদ বলেন, ঈশ্বরদী জংশন স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মাঝগ্রাম এলাকায় হঠাৎ বগিতে আগুন দেখতে পান তারা। এ সময় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে, এমনকি কয়েকজন ট্রেন থেকে লাফ দেওয়ার চেষ্টাও করেন। পরে চালক ট্রেন থামালে সবাই মিলে আগুন নেভাতে সক্ষম হন।

আসাদুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, বগির পুরোনো বৈদ্যুতিক তার বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে বগির মূল একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঈশ্বরদী স্টেশনে পৌঁছানোর পর ক্ষতিগ্রস্ত বগিটিকে ‘ড্যামেজ’ ঘোষণা করে ট্রেন থেকে আলাদা করা হয়।

এ বিষয়ে পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, যে কোনো কারিগরি ত্রুটির কারণে ওই ট্রেনের একটি বগি ড্যামেজ হয়েছে। তবে অগ্নিকাণ্ডের বিষয়টি আমার জানা নেই, এ বিষয়ে বৈদ্যুতিক বিভাগ বলতে পারবে।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন বলেন, ট্রেনের বগিতে একটি সমস্যা হয়েছিল বলে জেনেছি। পরে তা সমাধান করা হয়। কী কারণে এমনটি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় :