সিলেটে মধ্যরাতে তিন গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরের তেমুখী পয়েন্টে এ ঘটনা ঘটেছে। এই সময় প্রায় দেড় ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেমুখী পয়েন্টে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও, চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সিলেট-সুনামগঞ্জ সড়কের যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানের তেমুখী পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বলেন, মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এই সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।