logo

মাদ্রাসা থেকে আবাসিক ছাত্রের মরদেহ উদ্ধার

মাদ্রাসা থেকে আবাসিক ছাত্রের মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি মাদ্রাসা থেকে আলী হোসেন তাহসিন (১১) নামে এক আবাসিক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার দারুল উলুম একাডেমি  মাদ্রাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাহসিন একই ওয়ার্ডের পশ্চিম করালিয়া গ্রামের কালা কাজীর বাড়ির মো. নুর টিপুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ দিন ঈদের ছুটি কাটিয়ে মাদ্রাসায় আসে তাহসিন। বৃহস্পতিবার রাতে হিফজ পড়া শেষে সে ঘুমিয়ে যায়। শুক্রবার ভোররাতের দিকে সহপাঠী ও শিক্ষক তাকে পড়ার জন্য ডাকে। তখন তার সাড় না পেয়ে মুখে পানি ছিটায় তারা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দারুল উলুম একাডেমি মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে থাকা শিক্ষক ইমরান হোসাইন বলেন, পুলিশে এসে সব কিছু নিয়ে গেছে। আপনারা নিউজ করতে হলে পুলিশের সঙ্গে কথা বলেন। ওখান থেকে তথ্য নিয়ে নিউজ করেন। বড় হুজুর চরমোনাই গেছেন। আমাকে দায়িত্ব দিয়ে গেছেন। আমি কিছু বলব না। পুলিশ থেকে তথ্য নেন।      

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।