logo

তেল না থাকায় প্রধানমন্ত্রীকে গালি, কৃষক দল নেতা ছুটে গেলেন থানায় 

তেল না থাকায় প্রধানমন্ত্রীকে গালি, কৃষক দল নেতা ছুটে গেলেন থানায় 

জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে গালি দেওয়ার অভিযোগ উঠেছে একটি ফিলিং স্টেশন মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় কৃষক দলের এক নেতা পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।

গত রোববার (২২ মার্চ) বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় অবস্থিত মেসার্স গাঙ্গোপাড়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী গোবিন্দপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশরাফুল ইসলাম জানান, সেদিন সন্ধ্যায় তিনি কয়েকজন নেতাকর্মীকে নিয়ে মোটরসাইকেলে তেল নিতে ওই পাম্পে যান। কিন্তু, তেল না পেয়ে ফিরে আসার সময় পাম্পের মালিক সারোয়ার জাহান সবুজ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন বলে তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় ওই দিনই হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে একটি লিখিত অভিযোগ দেন আশরাফুল ইসলাম।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ফিলিং স্টেশন মালিক সারোয়ার জাহান সবুজ। তিনি বলেন, অভিযোগকারী পক্ষ চারটি মোটরসাইকেলের জন্য একসঙ্গে ২০ লিটার তেল চান, যা দেওয়া সম্ভব ছিল না। এ নিয়ে কথা কাটাকাটির পর তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ঘিরে ‘অপ্রচার’ চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এশিয়া পোস্টকে বলেন, ‘কৃষক দলের এক নেতা পাম্প মালিকের বিরুদ্ধে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছে। সেটির প্রাথমিক তদন্ত চলছে।’