২৮ জানুয়ারি রাজশাহী যাবেন তারেক রহমান

নির্বাচনি জনসভায় অংশ নিতে রাজশাহীতে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় তিনি রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাসভবনে এক বৈঠক শেষে বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সওকত।
এ সময় তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তিনি ২৮ জানুয়ারি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন। তারেক রহমানের এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দল। কারণ, বিএনপি চেয়ারম্যান হিসেবে জনসমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং দলের নির্বাচনি অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন।
সফরসূচি নিয়ে শাহীন সৈকত বলেন, আগামী ২৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগদান করবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন।
পরবর্তীতে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন। নওগাঁর জনসভা শেষে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন।
সভায় রাজশাহী বিভাগের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।