logo

বগুড়ায় প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

বগুড়ায় প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
বিজয়া দশমীতে বগুড়ায় করতোয়া নদীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিচ্ছেন ভক্তরা। ছবি : এশিয়া পোস্ট

‘মা, তুমি আবার এসো’ ভক্তদের এমন ব্যাকুল আকুতি আর ঢাকের বাদ্যের মধ্য দিয়ে বগুড়ায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় করতোয়া নদীর বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা।

এর আগে সকালে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে বিকেল থেকেই শুরু হয় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা। শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে ট্রাক ও ভ্যানে প্রতিমা নিয়ে ভক্তরা জমায়েত হন করতোয়া নদীর এসপি ব্রিজ, দত্তবাড়ী ও ফুলবাড়ী ঘাটে। সেখানে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

বিসর্জনের আগে বিভিন্ন পূজামণ্ডপে চলে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ‘সিঁদুর খেলা’। ঢাকের বাদ্য, শাঁখের ধ্বনি আর ভক্তদের ভক্তিমূলক প্রার্থনায় মুখর হয়ে ওঠে পুরো মণ্ডপ প্রাঙ্গণ। দেবীকে বিদায় জানানোর ক্ষণে অনেক ভক্তকেই অশ্রুসজল ও আবেগাপ্লুত হতে দেখা যায়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে স্বামীর গৃহে ফিরে যান। একটি বছরের দীর্ঘ অপেক্ষার পর তিনি আবার আসবেন মর্ত্যে। দেবীর বিদায়বেলায় ভক্তদের আকুল প্রার্থনা পৃথিবী থেকে সব অশুভ শক্তির বিনাশ ঘটুক এবং সবার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক।

গত শুক্রবার ষষ্ঠী তিথিতে বোধন ও অধিবাসের মধ্য দিয়ে এ বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। টানা ছয় দিন ধরে বগুড়ার বিভিন্ন মণ্ডপে চলে পূজা-অর্চনা ও নানা ধর্মীয় অনুষ্ঠান। অবশেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল এ মহোৎসবের।

প্রতিমা বিসর্জন উপলক্ষে নিরাপত্তার সুবিধার্থে নদীর ঘাটগুলোতে কঠোর নজরদারিতে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, এবার প্রতিটি মণ্ডপেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়েছে। এজন্য জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।