logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

নড়াইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসাদ মোল্যা। ছবি: এশিয়া পোস্ট

নড়াইলে আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আসাদ মোল্যা (৫০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকার আমির মোল্যার ছেলে।

Advertisement

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৫ মার্চ সকালে শিশুটির বাবা-মা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় বাড়িতে তাদের মেজো মেয়ে (৮) একা ছিল। দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিবেশী আসাদ মোল্যা শিশুটির বাড়িতে এসে তার বাবা-মায়ের খোঁজ করেন। তারা বাড়িতে নেই জানতে পেরে আসাদ ঘরে প্রবেশ করেন। এ সময় শিশুটিকে একা পেয়ে তিনি ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আসাদ পালিয়ে যান।

প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শিশুটির বাবা-মা বাড়িতে ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে ভ্যানে করে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২৫ মার্চ নড়াগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার বিচারিক কার্যক্রমে বাদীসহ মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন।

রায় সম্পর্কে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ বলেন, শিশু ধর্ষণ মামলায় আসাদ মোল্যা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ রায়ে বাদীপক্ষসহ রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।