শিশুকে নির্যাতনচেষ্টা, দুই শিশুকে উন্নয়ন কেন্দ্রে পাঠালেন আদালত

মানিকগঞ্জের দৌলতপুরে এক শিশুকে নির্যাতনচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দৌলতপুর থানায় মামলাটি করা হয়। এ মামলায় অভিযুক্ত দুই শিশুকে আদালতের নির্দেশে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার একটি গ্রামে এক শিশুকে নির্যাতনচেষ্টার ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, বাড়ির পাশে খেলাধুলার সময় একই এলাকার দুই শিশু ভুক্তভোগী শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নির্যাতনের চেষ্টা করা হলে শিশুটির চিৎকারে তারা সেখান থেকে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় শিশুটির অভিভাবকেরা বাড়িতে ছিলেন না। পরে শিশুটির আচরণে অস্বাভাবিকতা দেখে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি জানায়। এরপর পরিবার থানায় অভিযোগ করে।
মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান বলেন, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আদালতের নির্দেশে অভিযুক্ত দুই শিশুকে গাজীপুর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
