Advertisement

প্রেমে রাজি না হওয়ায় কিশোরীকে ধর্ষণ

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
প্রেমে রাজি না হওয়ায় কিশোরীকে ধর্ষণ
গ্রেপ্তার আমিরুল হক। ছবি: সংগৃহীত

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সুনামগঞ্জে এক যুবকের বিরুদ্ধে প্রতিবেশী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) সদস্যরা।

শনিবার (১ আগস্ট) ভোরে আদার বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আমিরুল হক (২৪) সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিরামপুর গ্রামের রমজান আলীর ছেলে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, বিরামপুর গ্রামের আমিরুল হক প্রতিবেশী ওই কিশোরীকে রাস্তাঘাটে চলাচলের সময় প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করতেন। কিন্তু কিশোরী তার প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি তাকে বিভিন্নভাবে হুমকি দিতেন। গত ২৪ জুলাই গভীর রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘর থেকে বের হলে আমিরুল হক তার মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে আমিরুল হকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‍্যাব-৯ এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে আমিরুল হককে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করেন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, সুনামগঞ্জে কিশোরী ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি আমিরুল হককে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এখন পুলিশ আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।