বালু নিয়ে বিরোধে জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে বালু নিয়ে পূর্ববিরোধের জেরে মো. ইউসুফ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ইউসুফ চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বাজার এলাকার বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি ইসলামী সংগীতশিল্পী হিসেবেও তার পরিচিতি ছিল। সম্প্রতি জীবিকার প্রয়োজনে তিনি মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালু নিয়ে ফারিহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের পক্ষের লোকজনের সঙ্গে ইউসুফের পূর্ববিরোধ ছিল। এ বিরোধের জেরে আবুল কালাম আজাদ তাকে আমজাদের বাজার এলাকায় যেতে নিষেধ করেছিলেন বলে জানা গেছে।
সোমবার ইউসুফ ওই এলাকায় গেলে আবুল কালাম আজাদের নেতৃত্বে তার গাড়িচালকেরা তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ইউসুফের চাচা সাইফুল বলেন, ‘সে সরল মানুষ ও সংগীতশিল্পী ছিল। তাকে এভাবে মারধর করে হত্যা করা হবে, তা আমরা কল্পনাও করিনি। আমরা হত্যাকাণ্ডের বিচার চাই।’
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, ‘চালকের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যার বিচার চাই। এখানে দলীয় কোনো বিষয় নেই।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

