বন্যার্তদের পাশে এমপি মিলন, এক মাসের বেতন দেওয়ার ঘোষণা

দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে দুর্গত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিজের এক মাসের পুরো সম্মানী ভাতা (বেতন) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
রোববার (১২ জুলাই) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় তিনি এই ঘোষণা দেন।
সভায় সংসদ সদস্য ফজলুল হক মিলন একই সঙ্গে উপস্থিত সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের প্রতি বন্যার্ত মানুষের সহায়তায় যার যার অবস্থান থেকে অন্তত এক দিনের বেতন অনুদান হিসেবে দেওয়ারও উদাত্ত আহ্বান জানান। এমপি মিলনের এই আন্তরিক আহ্বানে সভায় উপস্থিত সকলে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন এবং এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের সম্মতি প্রকাশ করেন।
এমপি ফজলুল হক মিলন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে হবে।





