Advertisement

নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও-সমাজসেবা অফিসে তালা

এশিয়া পোস্ট নিউজ, গাইবান্ধা
নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও-সমাজসেবা অফিসে তালা
ইউএনও-সমাজসেবা অফিসে তালা। ছবি : এশিয়া পোস্ট

ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

পৌর শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মূল ফটকেও তালা ঝুলিয়ে দেন।

বিক্ষোভকালে নেতাকর্মীরা ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ চেয়ে এবং নিয়োগ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে স্বেচ্ছাসেবী নিয়োগে যথাযথ নিয়ম, যোগ্যতা ও স্বচ্ছতা অনুসরণ করা হয়নি। পছন্দের প্রার্থীদের স্বজনপ্রীতি করে নিয়োগ দিয়ে প্রকৃত ও যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে।

তাদের দাবি, অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রকাশিত ফলাফল বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগ দিতে হবে।

তারা আরও বলেন, ফ্যামিলি কার্ডের মতো একটি জনকল্যাণমূলক কর্মসূচির তথ্য সংগ্রহের দায়িত্ব বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের দেওয়া হলে প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ থেকে শুরু করে সরকারি সহায়তা পৌঁছানোর পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হবে। তাই শুরুতেই নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিয়ার রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান মন্ডল রিয়েলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।