নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ, ২৪ নৌকা জব্দ

সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ এলাকায় প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে গত ১ মাসের অভিযানে ২৬টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ২৪টি নৌকা জব্দের পাশাপাশি মাছ ও কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।
খুলনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাসহ বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সকল নৌকাসহ মালামাল জব্দ করা হয়।
জানা গেছে, গত ১ জুন হতে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরাসহ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু চক্র সুন্দরবনে রাতের আধারে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরার পাশাপাশি হরিণ শিকার করে। এ সকল অপরাধ দমন করতে খুলনা রেঞ্জের অধীনস্থ এলাকায় বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত টহল কার্যক্রম চলছে। অভিযানকালে নৌকাসহ জড়িতদের আটক করা হয়েছে।
গত জুন মাসের তথ্য অনুযায়ী, খুলনা রেঞ্জের অধীনস্থ এলাকায় টহল কার্যক্রম চালিয়ে ২৪টি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ২৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৫টি পিওআর ও ২১টি ইউডিআর মামলা রয়েছে। এ সকল মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৭ জন এবং ৩ জন পলাতক। অভিযানে ৬টি বিষপ্রয়োগ মামলা এবং একটি হরিণ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। এ সময় ২৫ বোতল ভারতীয় কীটনাশক জব্দ করা হয়। উদ্ধার করা হয় মাছ ও কাঁকড়াসহ বিভিন্ন সরঞ্জামাদী।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তাদের সমন্বিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।





