রংপুর বিভাগে মনোনয়নের দৌড়ে ১৭ জন, আছেন সাবেক এমপিও

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে বিএনপিতে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। আন্দোলনে সক্রিয় ও ত্যাগী নেত্রীদের মূল্যায়নের ঘোষণা থাকায় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তৎপরতা বেড়েছে। রংপুর বিভাগে অন্তত ১৭ জন নেত্রী মনোনয়নের দৌড়ে আলোচনায় আছেন। তাদের মধ্যে সংরক্ষিত আসনের সাবেক সদস্যরাও রয়েছেন।
রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে বিএনপির সংসদ সদস্য রয়েছেন ১৪ জন। নিয়ম অনুযায়ী প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন পায় সরকারি দল। সে হিসাবে এই বিভাগ থেকে দুজন নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কথা। এই দুটি আসনকে ঘিরেই দুই ডজনের বেশি নেত্রী সক্রিয় হয়েছেন।
রংপুর
রংপুর জেলা থেকে তিনজন নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন—রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম, জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকুর স্ত্রী ও জেলা বিএনপির সদস্য রেজওয়ানা ইসলাম লুনা এবং সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাহিদা রহমান জোসনা। তাদের ঘিরে দলীয়ভাবে প্রচারণাও চলছে।
দিনাজপুর
দিনাজপুরে তিনজন নেত্রী মনোনয়নপ্রত্যাশী হিসেবে সক্রিয়। তারা হলেন—জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি এবং জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে দুই নেত্রী মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন। তারা হলেন—জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস এবং সাধারণ সম্পাদক নাজমা পারভীন।
কুড়িগ্রাম
কুড়িগ্রামে ছয়জন নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন—জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সহসভাপতি নাজমুন নাহার বিউটি ও শামীমা রহমান আপন, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম, কেন্দ্রীয় বিএনপির সংস্কৃতিবিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপি এবং সদর উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শাহনাজ পারভীন।
পঞ্চগড়
পঞ্চগড় থেকে রাজিয়া সুলতানা শিল্পী মনোনয়ন পাওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। তিনি জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি এবং তেঁতুলিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
নীলফামারী
নীলফামারী থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারহানা চৌধুরী বেবী (রুপা)।
গাইবান্ধা
গাইবান্ধা জেলা থেকে ফরিদা ইয়াছমিন শোভা মনোনয়নের দৌড়ে রয়েছেন।
লালমনিরহাট
লালমনিরহাটে এখনো কোনো মনোনয়নপ্রত্যাশীর নাম নিশ্চিতভাবে জানা যায়নি। ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলুর অসুস্থতাজনিত কারণে এ বিষয়ে জেলা বিএনপির কেউই মন্তব্য করেনি।
রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম বলেন, দলের দুঃসময়ে যারা নির্যাতনের শিকার হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, তাদেরই সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেওয়া হবে বলে তিনি আশা করছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি এবং জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে।