Advertisement

স্কুলশিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
স্কুলশিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
অভিযুক্ত গৌতমকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ছবি: এশিয়া পোস্ট

নাটোরের সিংড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত যুবক গৌতমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত গৌতম উপজেলার চৌগ্রামের গিরেন চন্দ্রের ছেলে ও পেশায় অটোরিকশাচালক।

স্থানীয়রা জানান, দুপুরে টিফিনের বিরতিতে বালুয়া বাসুয়া এলাকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় চৌগ্রাম এলাকার গৌতম নামের এক যুবক জোরপূর্বক টেনেহিঁচড়ে ওই ছাত্রীকে পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। এ সময় ছাত্রীটি চিৎকার করে এবং অভিযুক্ত যুবককে কামড় দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সংবাদ দেয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত গৌতমকে আটক করে। চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় :নাটোর